মৎস্য কর্মকর্তাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব আলম তালুকদারকে পুলিশের সামনে মারধর করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার কালাইয়া বন্দরের মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মাহাবুব আলমের বিবরণ অনুযায়ী, ওই বাজারে বিপুল পরিমাণ জাটকা বিক্রি হচ্ছে, এ তথ্য পেয়ে গতকাল সকাল আটটার দিকে কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির দুই পুলিশ সদস্য নিয়ে তিনি অভিযান চালান। অভিযানকালে জাটকা (ছোট ইলিশ) বিক্রিতে বাধা দেওয়া হয় এবং বাজারসংলগ্ন কালাইয়া-বাউফল খাল থেকে একটি জাটকাভর্তি ট্রলার জব্দ ও এক ব্যক্তিকে আটক করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মহিনুর ও কাশেমের নেতৃত্বে ১০-১২ জন অসাধু মৎস্য ব্যবসায়ী তাঁর ওপর হামলা চালান। ওই সময় পুলিশের সামনেই তাঁকে মারধর করে আটক করা ব্যক্তি ও ট্রলার ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মলয় দে বলেন, ‘ঘটনার সময় আমি ছিলাম না। শুনেছি, জাটকাসহ এক জেলেকে ধরে মারধর করার কারণে ক্ষুব্ধ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা মৎস্য কর্মকর্তা ধাক্কা দিয়েছে।’ পুলিশের সামনেই ঘটনা ঘটল অথচ কাউকে গ্রেপ্তার করা হলো না কেন? জবাবে তিনি বলেন, ‘তাঁর তো (মৎস্য কর্মকর্তা) মারার অধিকার নেই।’