মৎস্য প্রকল্পের মালিকের ভাইকে গুলি করে হত্যা
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে একটি মৎস্য প্রকল্পের মালিকের ভাইকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার ভোর চারটা থেকে ছয়টার মধ্যে এ ঘটনা ঘটে। নিহত আবদুল কাদের ওরফে বালু (২৮) বদরখালী ইউনিয়নের গোদামপাড়ার নুরুন্নবীর ছেলে।
মৎস্য প্রকল্পের কর্মচারী বলেন, রামপুর মৌজার ২ নম্বর পোল্ডার এলাকায় আবদুল কাদেরের ভাই নুরুল কাদেরের মৎস্য প্রকল্প রয়েছে। কাদের ওই মৎস্য প্রকল্পটি দেখাশোনা করতেন। গতকাল ভোরে দুর্বৃত্তরা মৎস্য প্রকল্পে হানা দিয়ে তাঁকে গুলি করে।
চকরিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম খান বলেন, লাশের শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে। ওসি দাবি করেন, স্থানীয় কোদাইল্যা বাহিনীর লোকজন আবদুল কাদেরকে হত্যা করেছে। তাঁর বিরুদ্ধেও কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ধারণা করা হচ্ছে, আবদুল কাদের কোদাইল্যা বাহিনীর সদস্য ছিলেন। ভাগ-বাঁটোয়ারায় বনিবনা না হওয়ায় তাঁকে হত্যা করা হয়েছে।