নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম এলাকায় পদ্মা নদীতে প্রকাশ্যে নৌকা নিয়ে জেলেরা ইলিশ শিকার করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, জনবল কম থাকায় তারা ঠিকমতো অভিযান চালাতে পারছে না।
গত রবি ও সোমবার দৌলতদিয়া ও দেবগ্রাম এলাকায় গিয়ে দেখা যায়, নদীতে ছোট-বড় বহু ইঞ্জিনচালিত নৌকা রয়েছে। নৌকা থেকে জাল ফেলে জেলেরা ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ শিকার করছেন। কেউ কেউ নৌকা থেকেই এসব মাছ বিক্রি করে দিচ্ছেন। অন্য সময়ের তুলনায় কম দামে কিনতে পেরে নদীর পাড়ে অনেকে ভিড় করছেন।
দেবগ্রামের কাওয়ালজানী পদ্মার পাড়ে মানুষের ভিড় দেখে এগোতেই সাংবাদিকের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন জেলে নৌকা নিয়ে দ্রুত চলে যান। অন্য নৌকায় থাকা জেলে আলিম প্রামাণিক বলেন, ‘ভাই, কয়েক কেজি মাছ পেয়েছি। ঠিকমতো মারতে পারছি না।’ আজিবর ও আক্কাছ একই কথা বলেন।
কত টাকা কেজি দরে মাছ বিক্রি করছেন, জানতে চাইলে এক ব্যক্তিকে দেখিয়ে তাঁরা জানান, তাঁর কাছে ৭০০ গ্রাম থেকে এক কেজি ওজনের মাছ ৪০০ টাকা এবং ৩০০ গ্রাম থেকে ৬০০ গ্রাম ওজনের মাছ ২৫০-৩০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। নিষেধাজ্ঞার পরও মাছ ধরছেন কেন, প্রশ্ন করতেই নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে বলেন, তাদের (মৎস্য কার্যালয়) সঙ্গে যোগাযোগ করেই তাঁরা মাছ ধরছেন। নদীতে এখনো প্রায় দুই হাজার নৌকা রয়েছে। মৎস্য কার্যালয়ের সঙ্গে যোগাযোগ না থাকলে এত নৌকা কোত্থেকে এল?
কয়েকজন জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, গোয়ালন্দসহ রাজবাড়ী, মানিকগঞ্জ, পাবনার জেলেরা মাছ শিকার করছেন। তবে নিষেধাজ্ঞার কারণে অনেকেই সতর্ক অবস্থানে থেকে মাছ শিকার করেন।
গত মঙ্গলবার ভোরে থানার পুলিশ দুই জেলেকে মাছ বিক্রিকালে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কাছ থেকে জরিমানা আদায় করে ছেড়ে দেন। এর আগে সোমবার বিকেলে পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ৩৫ কেজি ইলিশ উদ্ধার করে উপজেলা মৎস্য দপ্তর।
উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জি এম সেলিম বলেন, ‘২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন, বিক্রি, মজুত নিষিদ্ধ থাকায় আমরা অভিযান চালাচ্ছি।’ জেলেদের সঙ্গে যোগসাজশের কথা অস্বীকার করে তিনি বলেন, জনবল কম থাকায় প্রতিদিন অভিযান চালানো সম্ভব হয় না। এ বিষয়টি অনেকে ভিন্নভাবে নেন। তিনি বলেন, কর্মকর্তা তিনজনসহ মোট ছয়টি পদ আছে। এর মধ্যে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বেশির ভাগ সময় জেলা কার্যালয়ে দায়িত্ব পালন করেন। সহকারী মৎস্য কর্মকর্তার পদ দীর্ঘদিন শূন্য। তিনি ছাড়া আসলে তিনজন কাজ করেন। এর একজন করণিক, দুজন কর্মচারী।
ওসি এস এম শাহজালাল বলেন, ‘আমরা বিভিন্ন হাট-বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতা সৃষ্টি করছি এবং অভিযান চালাচ্ছি। মৎস্য কার্যালয় চাইলে তাদেরও সহযোগিতা দিচ্ছি।’