মৎস্যচাষিকে মারধর করে ৩০ হাজার টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গত বুধবার রাতে অলোক চন্দ্র দাস (৪০) নামের এক মৎস্যচাষিকে মারধর করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। অলোক চন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি উপজেলার তালোড়ার পোড়াঘাটা গ্রামের অনিল চন্দ্র দাসের ছেলে।
অলোক বলেন, গত বুধবার রাত ১০টার দিকে তিনি তালোড়ার দোগাছি গ্রামে তাঁর ইজারা নেওয়া খদিপুকুর নামক স্থানে মাছের খাবার দিতে যান। এ সময় তাঁর কাছে মাছ বিক্রির ৩০ হাজার টাকা ছিল। খাবার দিয়ে পুকুরপাড়ে অপেক্ষা করার সময় কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে লাঠি দিয়ে তাঁর হাত ও পায়ে আঘাত করে। পরে বেঁধে রেখে টাকাগুলো ছিনিয়ে নেয়। তাঁর চিৎকারে গ্রামের লোকজন এসে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার তাঁর ছোট ভাই স্বপন চন্দ্র দাস বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।