মৎস্যজীবীদের ওপর হামলা ও মাছ লুটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলায় সোনার বাংলা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা অভিযোগ করেছেন, তাঁদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে ও মাছ লুট করা হচ্ছে।

গতকাল শনিবার দুপুরে সমিতির শতাধিক নারী-পুরুষ যশোর প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন। পরে তাঁরা গরিব হিন্দু জেলেদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এরপর যশোরের জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে তাঁরা স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, উপজেলার কোমলপুর ও রাজবাড়ী গ্রামের মৎস্যজীবী সম্প্রদায়ের ১১২ জন সদস্যের সোনার বাংলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড ৬০৫ একরের ঝাঁপা বাঁওড়টি যশোরের জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নেয়। দুই বছরের জন্য তারা ৫৩ লাখ ৬৫ হাজার টাকা দেয়।

সমিতির সভাপতি শ্যামল বিশ্বাস স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়েছে, গত ২০ থেকে ২৬ মে পর্যন্ত সময়ের মধ্যে বাঁওড়ে প্রায় ৬০ লাখ টাকার মাছ ছাড়া হয়। কিন্তু সম্প্রতি আরেকটি মৎস্যজীবী সমিতি ভূমি আপিল বোর্ডে আবেদন করলে বাঁওড়ে মাছ ধরা নিষিদ্ধ করা হয়। এ বিধিনিষেধের সুযোগে মনিরামপুর উপজেলার মশ্মিমনগর গ্রামের হাবিব খান ও কাবিল খানের নেতৃত্বে এক সন্ত্রাসী বাহিনী একাধিকবার তাঁদের ওপর হামলা চালায়। গত শুক্রবার রাতেও তারা রাজবাড়ী এলাকার অর্চনা বিশ্বাস (৪৫), গীতা রানী (৫০), রাজকুমার বিশ্বাস (৫২), তুষারসহ (২৫) কয়েকজনকে মারধর করে।

শ্যামল বলেন, কয়েক দিন ধরে হাবিব ও কাবিলদের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাঁওড় থেকে কয়েক টন মাছ লুট করে নিয়ে গেছে। তাদের বাধা দিলে মারধর করা হয়। এমনকি তাঁদের দেশছাড়া করা হবে বলেও হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় রাজগঞ্জ পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

শ্যামল বলেন, ‘আমাদের সহায়সম্বল বিক্রি করে বাঁওড় ইজারা এবং সেখানে মাছ ছাড়ার পর আমরা প্রায় নিঃস্ব হয়ে গেছি। এমন অবস্থায় মাছ ধরায় নিষেধাজ্ঞা, সন্ত্রাসীদের মারধর, দেশছাড়ার হুমকিতে আমরা দিশেহারা।’

মৎস্যজীবীরা অবিলম্বে মাছ ধরার প্রতি নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান।

রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইনুদ্দিন বিশ্বাস বলেন, গত শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষ মুখোমুখি হয়। সংবাদ পেয়ে তখনই পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।