ময়নাতদন্তে জানা গেল গুলি করে হত্যার কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগ নেতাকে গত মঙ্গলবার রাতে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে পুলিশ লাশ উদ্ধার করে গতকাল বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ময়নাতদন্তের সময় তাঁর মাথায় একটি গুলি পাওয়া যায়। এরপর পুলিশ নিশ্চিত হয় যে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত ওই নেতার নাম লাভলু সরকার (৩৮)। বাড়ি উপজেলার বাদুড়িয়া গ্রামে। তিনি বাদুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মোর্ত্তুজা বলেন, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে লাভলু বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পুঠিয়া উপজেলার বানেশ্বর যাচ্ছিলেন। পথে চারঘাট-বানেশ্বর সড়কের শিশুতলা নামক স্থানে মোটরসাইকেলের হেডলাইট জ্বালানো অবস্থায় লাভলু পড়ে ছিলেন। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে টহল পুলিশ এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন বলে প্রথমে ধারণা করা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তে তাঁর মাথার পেছন দিকে একটি গুলি পাওয়া যায়। তাতে নিশ্চিত হওয়া গেছে, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ছাড়া মোটরসাইকেল নিয়ে রাস্তার ওপর পড়ে যাওয়ায় তাঁর শরীরে ও মাথায় বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।