ময়নাতদন্তে হত্যার আলামত, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বশুরবাড়ি থেকে প্রায় দেড় মাস আগে উদ্ধার করা হয় মনোয়ারা বেগমের লাশ। সম্প্রতি লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পুলিশ হাতে পেয়েছে। প্রতিবেদনে মনোয়ারাকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা বলেন, গত ৯ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের শ্বশুরবাড়ি থেকে মনোয়ারার (২৫) লাশ উদ্ধার করা হয়। স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন একে আত্মহত্যা বলে প্রচার করে এবং ঘটনার দিনই তারা পালিয়ে যায়। পরে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মনোয়ারাকে তাঁর বাবার বাড়ি উপজেলার মাস্কা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে দাফন করা হয়।

পুলিশ জানায়, হাসপাতাল থেকে মনোয়ারার লাশের ময়নাতদন্ত প্রতিবেদন সম্প্রতি থানায় এসে পৌঁছায়। এতে তাঁকে শ্বাসরোধে হত্যার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। নিহতের ছোট ভাই মো. এনামুল বাদী হয়ে ১২ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করেছেন। তাঁর অভিযোগ, যৌতুকের জন্য তাঁর বোনকে হত্যা করা হয়েছে। মামলায় নিহতের স্বামী মো. জাকির হোসেনকে প্রধান করে নয়জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে মনোয়ারার শ্বশুর আবদুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে।

কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ময়নাতদন্তে মনোয়ারাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।