ময়নাতদন্তের জন্য ফাঁড়িতে নিহত রায়হানের লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‌সিলেটে পু‌লিশ ফাঁ‌ড়িতে নিহত রায়হানের লাশ পুনরায় ময়নাতদন্তের জন‌্য বৃহস্পতিবার কবর থেকে তোলা হয়
প্রথম আলো

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিহত মো. রায়হান আহমদের মরদেহ দাফনের চার দিন পর ময়নাতদন্তের জন্য আবার তোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমেদ ও মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল কবর থেকে তাঁর লাশ তোলার প্রক্রিয়া শুরু করে। বেলা পৌনে ১১টার দিকে রায়হানের মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে নেওয়া হয়।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান বলেন, ‘পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ তোলা হয়েছে। এ ছাড়া আমরা মামলার তদন্তকাজ চালিয়ে যাচ্ছি। তদন্তে যাদের নাম পাওয়া যাবে, তাঁদের আইনের আওতায় আনা হবে।’

এর আগে মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে তদন্তের দায়িত্ব পিবিআইয়ে স্থানান্তর করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বাতেন ভূঁইয়া সিলেট পিবিআই কার্যালয়ে মামলার নথিপত্র হস্তান্তর করেন। বুধবার ঘটনাস্থল পরিদর্শনে যান পিবিআই সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান, মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই সিলেটের পরিদর্শক মহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা।

গত শনিবার মধ্যরাতে রায়হানকে তুলে নিয়ে কোতোয়ালি থানাধীন বন্দরবাজার ফাঁড়িতে আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করে তাঁর পরিবার। সকালে তিনি মারা যান। নির্যাতনের সময় এক পুলিশের মুঠোফোন থেকে রায়হানের পরিবারের কাছে কল করে টাকা চাওয়া হয়। পরিবারের সদস্যরা সকালে ফাঁড়ি থেকে হাসপাতালে গিয়ে রায়হানের লাশ শনাক্ত করেন। এ ঘটনার শুরুতে ওই ফাঁড়ির পুলিশ সদস্যরা ছিনতাইকারী সন্দেহে নগরের কাস্টঘর এলাকায় গণপিটুনিতে রায়হান নিহত হয়েছেন বলে প্রচার চালায়। কিন্তু গণপিটুনির স্থান হিসেবে যেখানকার কথা বলেছিল পুলিশ, সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের স্থাপন করা ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় এমন কোনো দৃশ্য দেখা যায়নি।

রোববার রাতে রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা করেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখের তত্ত্বাবধানে তিন সদস্যের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে ফাঁড়িতে পুলিশ হেফাজতে মৃত্যুর বিষয়টি সম্পর্কে প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এ ঘটনায় সোমবার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়াসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে ফাঁড়ি থেকে প্রত্যাহার করা হয়।

নগরের রিকাবীবাজার এলাকার একটি রোগনির্ণয় কেন্দ্রে চাকরি করতেন রায়হান। সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের আখালিয়ার নিহারিপাড়ায় স্ত্রী, ছয় মাস বয়সী মেয়ে, মা ও চাচাকে নিয়ে বসবাস করতেন তিনি।