ময়নামতি হাইওয়ে থানার সামনে বোমা বিস্ফোরণ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় অবস্থিত ময়নামতি হাইওয়ে থানার সামনে গত সোমবার রাতে ব্যাগে থাকা একটি বোমার বিস্ফোরণ ও আরেকটি বোমা অবিস্ফোরিত অবস্থায় পাওয়া যায়। রাত দেড়টায় ঢাকা থেকে বিশেষজ্ঞ দল এসে অবিস্ফোরিত বোমার বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটায় ময়নামতি মহাসড়ক থানায় পুলিশ মামলা করে। এর আগে ৭ মার্চ একই মহাসড়কের চান্দিনার কুটুম্বপুর এলাকায় পুলিশের ওপর ছয়টি বোমা নিক্ষেপ করে জেএমবির দুই সদস্য। তবে বোমাগুলো বিস্ফোরিত হয়নি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন বলেন, সোমবার রাত পৌনে নয়টার দিকে ময়নামতি হাইওয়ে থানার সামনে গাড়ি রাখার স্থানে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় মহাসড়কের আশপাশের মানুষ ও যানবাহনের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে একটি বোমা অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। রাত দেড়টার দিকে ঢাকা থেকে পুলিশের বোমা বিশেষজ্ঞ দল এসে সেটি নিষ্ক্রিয় করে। এ সময় আশপাশের এলাকা বিকট শব্দে কেঁপে ওঠে।
মহাসড়ক পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, জেলা ও মহাসড়ক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ময়নামতি হাইওয়ে থানার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে। এতে দেখা যায়, ময়নামতি এলাকা থেকে থানা পুকুরের পশ্চিম পাড় দিয়ে ব্যাগ হাতে দুই যুবক এগিয়ে আসে। পরে তারা ব্যাগ রেখে আবারও ময়নামতির দিকে চলে যায়।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এক সপ্তাহের ব্যবধানে মহাসড়কে দুটি ঘটনা ঘটল।
কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, একটি বোমার বিস্ফোরণ ঘটেছে, আরও একটি ঘটনাস্থলে রয়েছে। রাতের মধ্যেই বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসার পর সেটি নিষ্ক্রিয় করা হবে। বোমাগুলো শক্তিশালী ছিল। যে বোমাটির বিস্ফোরণ ঘটেছে এর স্প্লিন্টার থানার দেয়াল পর্যন্ত পৌঁছেছে।
এর আগে ৭ মার্চ বেলা পৌনে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় যাত্রীবাহী বাস থেকে নেমে মহাসড়ক পুলিশের ওপর জেএমবির বোমা বিশেষজ্ঞ দলের সদস্য আজওয়াজ ইমতিয়াজ অমি ওরফে জসিম এবং হাসান ছয়টি বোমা নিক্ষেপ করেন। এতে পুলিশের কেউ হতাহত হয়নি। বোমা ছয়টিও অবিস্ফোরিত থাকে। পরে ঢাকা থেকে বোমা বিশেষজ্ঞ এসে সেগুলো নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় ৮ মার্চ দুপুরে চান্দিনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন মহাসড়ক পুলিশের দাউদকান্দির ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট মো. মনিরুল ইসলাম।