ময়মনসিংহ ও জামালপুরে সংঘর্ষে নিহত ৪
ময়মনসিংহ ও জামালপুরে পৃথক সংঘর্ষের ঘটনায় চারজন নিহত হয়েছেন। মাছ ধরাকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় গতকাল শুক্রবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে।
ফুলবাড়িয়া উপজেলায় সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক এবং বকশীগঞ্জের সংঘর্ষের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহে নিহত ব্যক্তিরা হলেন ফুলবাড়িয়া উপজেলায় আনোয়াদি গ্রামের হোসেন আলীর ছেলে আবদুল হালিম (৩৩) এবং একই গ্রামের আবদুর রহমানের ছেলে মো. আমছর (৩৫)। আর জামালপুরে নিহত ব্যক্তিরা হলেন বকশীগঞ্জ উপজেলায় পৌর শহরের গোয়ালগাঁও গ্রামের সাহা আলী মণ্ডল (৫০) এবং একই গ্রামের মোশারফ হোসেন (৫৫)।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেছেন, তিন বছর আগে সাবেক ইউপি সদস্য রুস্তম আলী ফুলবাড়িয়ার ‘বড়বিলা’ নামের একটি বিল জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নেন। সম্প্রতি ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য হাফিজা আক্তারের স্বামী কছিম উদ্দিন স্ত্রীর প্রভাব খাটিয়ে রুস্তমের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। তিন দিন আগে রুস্তমের লোকেরা বিলে মাছ ধরতে গেলে কছিমের লোকজন বাধা দেন। গতকাল সকালে মাছ আটকাতে কছিমের লোকেরা বিলের একটি অংশে বাঁধ দিতে উদ্যত হলে রুস্তমসহ তাঁর পক্ষের লোকেরা রামদা, দা ও লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এ সময় কছিমের পক্ষের হালিম ও আমছর গুরুতর আহত হন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল দুপুরে তাঁরা মারা যান।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, ‘সংঘর্ষে রুস্তমসহ উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। তাঁদের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে চিকিৎসাধীন অবস্থায় রুস্তমসহ তিনজনকে আটক করেছে পুলিশ।’
জামালপুরের বকশীগঞ্জে সংঘর্ষের ব্যাপারে পুলিশ ও স্থানীয় লোকজন বলেছেন, পৌর শহরের গোয়ালগাঁও এলাকায় বৃহস্পতিবার সাহা আলী মণ্ডলের নাতি শামীম মিয়া (৭) ও প্রতিবেশী মোশারফ হোসেনের মেয়ে মঞ্জু রানী (৮) বাড়ির পাশে খেলছিল। খেলায় তাদের দুজনের মধ্যে মারামারির জের ধরে সন্ধ্যায় মঞ্জুর বাবা মোশারফ হোসেন তাঁর লোকজন নিয়ে সাহা আলী মণ্ডলের বাড়িতে হামলা চালান। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে সাহা আলী মণ্ডল ও মোশারফ হোসেন গুরুতর আহত হন। প্রথমে তাঁদের দুজনকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার রাতে সাহা আলী মণ্ডল মারা যান। আশঙ্কাজনক অবস্থায় মোশারফ হোসেনকে শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। উভয় পক্ষের দুজন করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছেন।’