ময়মনসিংহ ও হবিগঞ্জে দুই দিনে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ ও হবিগঞ্জে গত বুধবার এবং গতকাল বৃহস্পতিবার দুজন খুন হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহের সদর উপজেলায় গতকাল ছুরিকাঘাতে সুলতান মিয়া নামের এক তরুণ খুন হন। বুধবার হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় এক ব্যক্তি খুন হন।
পুলিশ সূত্রে জানা গেছে, সুলতানের (১৮) বাড়ি সদর উপজেলার উজান ঘাগড়া গ্রামে। তাঁর সঙ্গে পাশের পাড়াইল গ্রামের ফরহাদ নামের আরেক তরুণের টাকা নিয়ে বিরোধ ছিল। দুপুর ১২টার দিকে সুলতানকে বাড়ি থেকে নিয়ে যান ফরহাদ। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তালতলা বাজারের পাশে সুলতানকে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয়। পরে বাজারের লোকজন তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে সুলতানের মৃত্যু হয়।
এদিকে খেতের ধান খাওয়া নিয়ে বুধবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার পারকুল চা-বাগান বস্তির সৈয়দ আলীর সঙ্গে তাঁর চাচাতো ভাইয়ের ছেলে রমণ আলীর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রমণ ধারালো অস্ত্র দিয়ে সৈয়দ আলীকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে সৈয়দ আলীর মেয়ে ছায়েদা আক্তার আহত হন। পরে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে নয়টার দিকে সৈয়দ আলী মারা যান।