ময়মনসিংহ থেকে অপহৃত কলেজছাত্রী ঢাকায় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ থেকে অপহরণ করে রাজধানীর যাত্রাবাড়ীতে আটকে রেখে এক কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে ওই ছাত্রীকে উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। তবে অপহরণকারীদের কেউ ধরা পড়েনি।
ওই কলেজছাত্রীর বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শঙ্কর কর প্রথম আলোকে বলেন, গত সোমবার ভালুকা বাসস্ট্যান্ড থেকে ওই ছাত্রীকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তিন যুবক। পরে তারা মেয়েটিকে রাজধানীর কোনাপাড়ায় একটি মেসে নিয়ে তুলে। ওই দিন রাতে সেখানে তাঁকে আটকে রেখে তাঁর ভাইয়ের কাছে মুক্তিপণ দাবি করে বখাটেরা।
ময়মনসিংহের ভালুকার একটি কলেজের ওই ছাত্রী পুলিশকে জানান, অপহরণকারীদের মধ্যে একজন তাঁর পূর্বপরিচিত। ভালুকায় বাড়ি। তার নাম তুষার। মঙ্গলবার রাতে তুষারসহ ওই দুর্বৃত্তরা তাঁকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি কৌশলে ওই ঘর থেকে বেরিয়ে আসেন। তখন রাস্তায় তাঁর এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে দেখতে পান। তখন তাঁকে ঘটনাটি জানান।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, ওই ইউপি সদস্যের ফোন পেয়ে পুলিশ গিয়ে মেয়েটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। কিন্তু বখাটেদের পাওয়া যায়নি। পরে তরুণীকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। গতকাল বুধবার সকালে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর আবার থানায় আনা হয়।
যাত্রাবাড়ী থানার ওসি জানান, তরুণী ও তাঁর স্বজনদের সঙ্গে কথা বলে মনে হয়, তুষার নামের ওই দুর্বৃত্ত তরুণীর পূর্বপরিচিত। তাঁরা ভালুকা থানায় মামলা করতে আগ্রহ প্রকাশ করায় তাঁদের ভালুকা থানায় পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণী এ বিষয়ে সাংবাদিকদের কিছু বলতে রাজি হননি।