ময়মনসিংহ মেডিকেলে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগে গতকাল রোববার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেছেন স্বজনেরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবজাতকের স্বজন ও শিশু ওয়ার্ড সূত্রে জানা গেছে, গত ২৪ অক্টোবর প্রসূতি মোসাম্মৎ ডলি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। জন্মের পর থেকেই শিশুটির শ্বাসকষ্ট দেখা দেয়। এ কারণে শিশুটিকে ওই দিনই শিশু বিভাগে স্থানান্তর করা হয়। পরে শিশুটির অবস্থার কোনো উন্নতি না হওয়ায় গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি মারা যায়। এ ঘটনায় চিকিৎসকদের অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ তুলে গতকাল দুপুরে শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন লাশ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। এ সময় প্রধান ফটকের সামনে ভিড় জমে গেলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নবজাতকের বাবা কাজল মিয়া ও ফুফু রূপালী আক্তার অভিযোগ করেন, শিশু ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসকেরা শিশুটির যথাযথ চিকিৎসা দেননি। মৃত্যুর অনেক পরে তাকে মৃত ঘোষণা করা হয়েছে।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, শিশুটির শারীরিক অবস্থার কথা প্রতিদিনই স্বজনদের জানানো হয়েছে। শিশুটি মারা যাওয়ার পর অযথা তাঁরা মিথ্যা অভিযোগ করছেন।