ময়মনসিংহে অপহরণের পর স্কুলছাত্রীকে হত্যা
ময়মনসিংহ শহরতলির বাদেকল্পা বাইপাস এলাকায় এক স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রীর নাম নাদিরা আক্তার (১১)। সে ময়মনসিংহ জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। নাদিরার বাড়ি শহরতলির গনসার মোড় এলাকায়। তার বাবার নাম মো. ইউনুছ মিয়া।
পুলিশ, বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা দেড়টার দিকে স্কুল ছুটির পর নাদিরা আক্তার বাড়ি ফিরছিল। পথে গনসার মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে তাকে অপহরণ করে নিয়ে যায়। পড়ে বিকেল চারটার দিকে শহরতলির বাদেকল্পা বাইপাস এলাকার একটি ধানখেতে নাদিরার লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। নাদিরার সঙ্গে থাকা স্কুলব্যাগে স্কুলের নাম ও শ্রেণি লেখা ছিল। পরে স্থানীয় লোকজন জেলা পরিষদ উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যকে মুঠোফোনে ঘটনাটি জানান। খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমানসহ অনেকেই ঘটনাস্থলে যান। এ সময় নাদিরার বাবা ইউনুছ মিয়াসহ তাঁর পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মাইক্রোবাসের ভেতর নাদিরাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে তার লাশ ধানখেতে ফেলে রেখে পালিয়ে যায়। নাদিরার পরিবার পুলিশের কাছে তাদের এক আত্মীয় এই হত্যাকাণ্ডের সঙ্গে
জড়িত থাকতে পারে বলে অভিযোগ করলেও সাংবাদিকদের কাছে কারও নাম বলেনি। কী কারণে হত্যা করা হতে পারে, এ ব্যাপারেও কিছু বলেনি।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চাকু দিয়ে নাদিরাকে গলা কেটে হত্যা করা হয়েছে। পরিবার তাদের এক আত্মীয়কে সন্দেহ করছে। কিন্তু তদন্তের স্বার্থে পুলিশ তাঁর নাম প্রকাশ করতে চাইছে না।