ময়মনসিংহে এক কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আক্তারুজ্জামান ও স্থানীয়দের ভাষ্য, ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক-সংলগ্ন তারাকান্দা উপজেলার বকশিমুল উচ্চবিদ্যালয়ের পাশের একটি ধানখেতে সকালে কিশোরীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এএসপি আক্তারুজ্জামান বলেন, শ্বাসরোধে ওই কিশোরীকে হত্যার পর দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া বলা যাচ্ছে না। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।