ময়মনসিংহে এক ব্যক্তিকে হত্যার পর পুলিশের গুলিতে অভিযুক্ত যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের নওমহল এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশের গুলিতে নিটোল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত হওয়ার আনুমানিক দুই ঘণ্টা আগে নিটোল একটি বেসরকারি কোম্পানির একজন কর্মকর্তা ও একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করেছিলেন। এর পর বেসরকারি কোম্পানির ওই কর্মকর্তা মারা যান।


পুলিশ ও নওমহল এলাকার বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিহত নিটোল এলাকায় ত্রাস সৃষ্টি করে বেড়াতেন। তাঁর ভয়ে ওই এলাকার মানুষ আতঙ্কিত থাকত। তাঁর বাড়ি ময়মনসিংহ শহরের বাঁশবাড়ি কলোনি এলাকায়।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে নওমহল মসজিদ এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মকর্তা মোফাজ্জল হোসেনের কাছে চাঁদা দাবি করেন নিহত নিটোল। চাঁদা দিতে রাজি না হওয়ায় নিটোল মোফাজ্জলকে ছুরিকাঘাত করেন। পরে মোফাজ্জলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। ছুরিকাঘাতের এ খবর পেয়ে ময়মনসিংহ শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির দুজন সদস্য মোটরসাইকেলে করে ওই এলাকায় যান। ওই সময় নিটোল মোটরসাইকেলের পেছনে থাকা পুলিশ সদস্য আবুল হোসেনকে (৩০) ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত আবুল হোসেনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, বেলা দুইটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নিটোলকে ধরতে নওমহল এলাকায় অভিযান চালায়। এ সময় নিটোল হাতে ধারালো অস্ত্র নিয়ে ডিবি পুলিশের দলকে তাড়া করে। পরে আত্মরক্ষার্থে ডিবি গুলি ছুড়লে নিটোল গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।