ময়মনসিংহে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের সাহেব আলী সড়কে গতকাল বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। রাস্তায় পাশ কাটানো নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এ ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি বাস শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহ শহরে যাচ্ছিল। বেলা তিনটার দিকে শিক্ষার্থীদের বহন করা বাসটি শহরের নতুন বাজার রেলক্রসিং এলাকায় যানজটে আটকা পড়ে। এ সময় একটি রিকশাকে পাশ কাটানো নিয়ে রিকশার আরোহী এক যুবকের সঙ্গে বাসচালকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক বাসচালককে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।
মিনিট দশেক পর বাসটি শহরের সাহেব আলী সড়কে পৌঁছালে পাঁচ থেকে সাতজন যুবক বাসটি আটকে এলোপাতাড়ি ইট ছোড়েন। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। ইটের আঘাতে বাসে থাকা কয়েকজন শিক্ষার্থী আহত হন।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক রেজুয়ান আহমেদ বলেন, তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের পরিচয় জানা যায়নি। কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।