ময়মনসিংহে খেয়াঘাট বন্ধ মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকদের বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে শহরের কাছারি ঘাটে অবস্থিত একটি রেস্তোরাঁয় হামলা করেছে এক পক্ষ। এর পর থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় কাছারি ঘাট দিয়ে খেয়া পারাপার বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চর এলাকার লোকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও আওয়ামী লীগের সমর্থক ব্রহ্মপুত্র চরের মো. সেলিমের মধ্যে নদের কাছারি ঘাট এলাকায় বালু উত্তোলন নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে সর্বশেষ বৃহস্পতিবার রাতে কাছারি ঘাট এলাকায় অবস্থিত আবদুল্লাহ আল মামুনের ভাইয়ের যৌথ মালিকানাধীন ‘হিমু আড্ডা’ নামের একটি রেস্তোরাঁয় সেলিমের পক্ষের লোকেরা হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে।
গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, নৌকা চলাচল বন্ধ। ঘাটে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এতে চরম ভোগান্তিতে পড়েছেন চরগোবিন্দপুর, চরখরিচা, চরদুর্গাপুর, চরকন্দরপুর ও চরআনন্দিপুর গ্রামের বিভিন্ন পেশার লোকজন।
কাছারি ঘাট এলাকায় অবস্থিত মহিলা পরিষদ উদয়ন স্কুল। খোঁজ নিয়ে জানা যায়, ওই বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২৫০ জনের বেশি চরাঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আসে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন নাহার বলেন, বিদ্যালয়ে গড়ে প্রতিদিন ৩০০ শিক্ষার্থী আসে। গত শনিবার মাত্র ৬০ জন শিক্ষার্থী বিদ্যালয়ে আসে। অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকেরা ফোন করে বলেছেন, নৌকা না চলায় তাঁদের সন্তানেরা আসতে পারছে না।
খোঁজ নিয়ে জানা যায়, চরাঞ্চলের বিভিন্ন গ্রামের কৃষকেরা কাছারি ঘাট দিয়ে নদী পার হয়ে তাঁদের উৎপাদিত সবজি নিয়ে শহরে আসেন। কাছারি ঘাটে নৌকা না চলায় বিকল্প পথে আসতে তাঁদের বেশি টাকা ব্যয় হচ্ছে। ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী ইকতার উদ্দিন খান বলেন, খেয়াঘাট বন্ধ থাকায় চরাঞ্চলের লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে ওই সব গ্রামের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের ভোগান্তি সবচেয়ে বেশি।
এ ব্যাপারে শহর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুনের মুঠোফোনে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক আবদুল্লাহ আল মামুনের পক্ষের একজন বলেন, সেলিম ঘাটের সব মাঝিকে হুমকি দিয়ে রেখেছেন যেন তাঁরা নৌকা না চালান।
অবশ্য সেলিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বা আমার পক্ষের লোকেরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে না। আমার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন। রেস্তোরাঁয় ভাঙচুরের বিষয়ে আমি কিছুই জানি না।’
ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনায় ব্যবস্থাপক মো. জামান বাদী হয়ে সেলিমসহ ১৫ জনের নামে মামলা করেছেন।