ময়মনসিংহে গুলি করে ও ছুরি মেরে তরুণকে হত্যা
ময়মনসিংহে বিরোধের জের ধরে হাসান মিয়া নামের এক তরুণকে গুলি করে ও ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ল্যাংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাসান মিয়া (২৫) বালু ব্যবসায়ী ছিলেন। তিনি সদর উপজেলার গলগন্ডা গ্রামের হজরত আলীর ছেলে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল দুপুরে ময়মনসিংহ শহরতলির খাগডহর এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন তরুণ ল্যাংড়া বাজারে যান। সেখানে একটি চায়ের দোকানে বসে তাঁরা কথা বলেন। এরপর তাঁরা চায়ের দোকান থেকে বের হন। কিছুক্ষণ পর চায়ের দোকানটির পেছনে গুলির শব্দ হয়। বাজারের লোকেরা সেখানে গিয়ে হাসান মিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান। তাঁর পেটে গুলি ও ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।
স্থানীয় কয়েকজন বলেন, বালু ব্যবসা নিয়ে কয়েক মাস আগে কয়েকজনের সঙ্গে হাসানের বিরোধ ছিল। পরে তিনি বালুর ব্যবসা ছেড়ে দেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, শত্রুতার জের ধরে হাসানকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।