ময়মনসিংহে ছাত্রী হত্যার অভিযোগে ফুপাতো ভাই গ্রেপ্তার
ময়মনসিংহে অপহরণের পর গলা কেটে স্কুলছাত্রী নাদিরাকে হত্যার অভিযোগে তার ফুপাতো ভাই শাজাহান হাবিব ওরফে মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে আটক করে। পরে আজ শুক্রবার এ ঘটনায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
শাজাহান ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আবেদিনের পরিবারের গাড়িচালক।
গতকাল দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে জেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাদিরা আক্তারকে (১১) সাংসদের পরিবারের ব্যবহার করা গাড়িতে করে অপহরণ করে শাজাহান। পরে উপর্যুপরি ছুরিকাঘাত ও গলা কটে হত্যা করা হয় তাকে। এরপর শহরতলির বাদেকল্পা বাইপাস এলাকায় একটি ধানখেতে নাদিরার লাশ পাওয়া যায়।
নাদিরার বাড়ি শহরতলির গনসার মোড় এলাকায়। তার বাবার নাম মো. ইউনুছ মিয়া।
পুলিশ ও সাংসদ আনোয়ারুল আবেদিনের সঙ্গে কথা বলে জানা যায়, শাজাহান তিন বছর ধরে সাংসদের পরিবারের গাড়ির চালক ছিলেন। তাঁর কাজ ছিল ময়মনসিংহ শহরের সানকিপাড়া এলাকার বাড়ি থেকে সাংসদের স্ত্রীকে তাঁর কর্মস্থলে (ব্যাংক) ও দুই ছেলেকে স্কুলে আনা-নেওয়া করা। গতকাল দুপুরে গাড়ি মেরামত করতে হবে বলে শাহাজান গাড়ি নিয়ে বের হন। সন্ধ্যার পর ময়মনসিংহের পুলিশ সুপার সাংসদকে মুঠোফোনে জানান, তাঁর গাড়িচালকের বিরুদ্ধে স্কুলছাত্রী নাদিরাকে হত্যার অভিযোগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ সুপার শাজাহানকে গ্রেপ্তারে সাংসদের সহযোগিতা চান। সাংসদ তাঁর স্ত্রীকে দিয়ে কৌশলে শাজাহানকে বাড়িতে ডেকে আনার ব্যবস্থা করেন। সাংসদের বাড়ি আসার পথে রাত সাড়ে নয়টার দিকে নাহারোডের কাছাকাছি এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ শাজাহানকে গ্রেপ্তার করে।
নাদিরাকে গলা কেটে হত্যা করার অভিযোগে শাজাহানকে একমাত্র আসামি করে আজ শুক্রবার দুপুর ১২টায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন নাদিরার বাবা মো. ইউনুছ মিয়া।
সাংসদ আনোয়ারুল আবেদিন বলেন, ‘বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার আমাকে মুঠোফোনে জানান, আমার গাড়িচালক হাবিব স্কুলছাত্রীকে হত্যা করেছে। প্রথমে আমি বিষয়টি মানতে পারিনি। আমি হাবিবকে ভালো ছেলে হিসাবে জানতাম। কিছু সময় পর পুলিশ সুপার আবারও ফোন করে যখন আমাকে জানান যে, পুলিশ মোটামুটি নিশ্চিত হাবিবই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তখন আমি হাবিবকে ধরতে সহযোগিতা করি। আমি হাবিবের যথাযথ শাস্তি দাবি করি।’
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, জিজ্ঞাসাবাদ শেষে শাজাহানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিহত নাদিরার বাবা মো. ইউনুছ মিয়ার ভাষ্য, শাজাহান তাঁর মেয়েকে বিয়ে করতে চাইত। কিন্তু বিয়েতে রাজি না হওয়ায় বেশি কিছুদিন আগে হাবিবের সঙ্গে সম্পর্কের অবনতি হয়। এর জের ধরেই হাবিব হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন।