ময়মনসিংহে জেএমবি সন্দেহে গ্রেপ্তার চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সদর উপজেলার কাউয়ালটি গ্রাম থেকে গত মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলেছে, তাঁদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাউয়ালটি গ্রামের দুই সহোদর আলমগীর হোসেন (২২) ও জাহাঙ্গীর হোসেন (২৫), একই ইউনিয়নের কলাপাড়া গ্রামের হাসান আলী (২৩) ও শস্যমালা গ্রামের বিল্লাল হোসেন (৪৩)।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা নিজেদের জেএমবির সদস্য বলে স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন সাবেক ইউপি সদস্য।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, কাউয়ালটি গ্রামের একটি বাড়িতে গোপন বৈঠক হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত তিনটার দিকে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে গেছে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার উদ্দেশ্যে ওই বৈঠকটি হয়ে থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা। এ ঘটনায় কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়েছে।