ময়মনসিংহে ডিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার চরপুলিয়ামারি এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত সুমন মাদক ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি ময়মনসিংহ নগরের কালীবাড়ি এলাকায়। বন্দুকযুদ্ধে ইলিয়াছ মিয়া ও রানাউল ইসলাম নামের দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

ডিবি জানিয়েছে, গতকাল রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে চরপুলিয়ামারি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছেন—এমন সংবাদের ভিত্তিতে ডিবি ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন। পুলিশ পাল্টা গুলি করলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সুমনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। সুমনের নামে মাদকসহ বিভিন্ন অভিযোগে ময়মনসিংহ কোতোয়ালি থানায় কয়েকটি মামলা রয়েছে।