ময়মনসিংহে তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে দুর্বৃত্তদের কোপে গুরুতর আহত জনম (২২) নামের এক যুবক আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গতকাল শুক্রবার রাতে শহরের নয়াপাড়া এলাকায় দুর্বৃত্তরা জনমকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। 


জনমের বাড়ি ময়মনসিংহ শহরের নয়াপাড়া এলাকায়। তিনি টাঙ্গাইলের একটি বেসরকারি স্বাস্থ্য সহকারী প্রশিক্ষণ কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম লিটন মিয়া।

পুলিশ ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে আটটার দিকে জনম নয়াপাড়া এলাকায় নিজের বাড়ির সামনে বসে ছিলেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাঁকে পেছন থেকে মাথা ও পিঠে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে রাতেই ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে জনমের মৃত্যু হয়।

এ ঘটনায় গতকাল রাতে নিহত জনমের বাবা লিটন মিয়া ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কয়েকজনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্তের স্বার্থে আসামিদের নাম বলতে রাজি হয়নি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে জনমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।