ময়মনসিংহে তরুণকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরে জনম নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাতে শহরের নয়াপাড়া এলাকায় জনমকে কুপিয়ে জখম করা হয়। গতকাল শনিবার ভোরে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জনমের (২২) বাড়ি ময়মনসিংহ শহরের নয়াপাড়ায়। তিনি টাঙ্গাইলের একটি বেসরকারি স্বাস্থ্য সহকারী প্রশিক্ষণ কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম লিটন মিয়া।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নয়াপাড়ায় নিজেদের বাড়ির সামনে ছিলেন জনম। এ সময় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে সেখানে এসে তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় জনমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে রাতেই তাঁকে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে পাঠানো হয়। সেখানে গতকাল ভোরে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় শুক্রবার রাতেই জনমের বাবা লিটন মিয়া ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় কয়েকজনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্তের স্বার্থে আসামিদের নাম বলেনি।
গতকাল দুপুর পর্যন্ত জনমের লাশ ঢাকা থেকে ময়মনসিংহে আনা হয়নি। তাঁর স্বজনেরা ঢাকায় অবস্থান করছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্যমতে, এ ঘটনায় সন্দেহভাজন বেশ কয়েকজন তরুণ পলাতক রয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জেরে জনমকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।