ময়মনসিংহে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত
ময়মনসিংহ সদর উপজেলায় সড়ক নির্মাণের জন্য জমি দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলার সিরতা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সাথী আক্তার (৩৬) ও দেলোয়ার হোসেন (২৭)। তাঁদের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার সিরতা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরতা গ্রামের হাফিজ উদ্দিন ও হেলাল উদ্দিনের পরিবারের মধ্যে প্রধান সড়ক থেকে বাড়ি পর্যন্ত একটি ছোট সড়ক নির্মাণের বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। দুপক্ষের লোকেরা প্রথমে সমান পরিমাণ জমি দিতে রাজি হয়। পরে হেলাল উদ্দিনের পরিবারের পক্ষ থেকে সড়ক নির্মাণের জন্য জমি দিতে অস্বীকৃতি জানানো হয়। এ নিয়ে কিছুদিন ধরে ওই দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে প্রায়ই দুই বাড়ির মানুষের মধ্যে কথা-কাটাকাটি হচ্ছিল।
গতকাল সকাল সোয়া ৯টার দিকে বিষয়টি নিয়ে দুই পরিবারের নারী সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পরিবারের পুরুষেরা সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে হাফিজ উদ্দিনের পক্ষের সাথী আক্তার ও হেলাল উদ্দিন পক্ষের দেলোয়ার নিহত হন। খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।