ময়মনসিংহে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বিজয়পুর গ্রামে দুই পক্ষের এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন নজরুল ইসলাম (৪৫) ও ময়েজ উদ্দিন (৪৪)। সম্পর্কে তাঁরা একে অপরের মামাতো-ফুপাতো ভাই।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, নজরুল ইসলাম ও ময়েজ উদ্দিনের বাড়ি পাশাপাশি। বাড়ির পাশের সড়কে একটি দোকান নির্মাণ করা নিয়ে কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। আজ ভোরে এ নিয়ে দুই পক্ষের নারীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ময়েজ উদ্দিনের পক্ষের লোকজন নজরুলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে নজরুলের পক্ষের লোকেরা পাল্টা দা দিয়ে কুপিয়ে ময়েজ উদ্দিনকে গুরুতর জখম করেন। এ সময় উভয় পক্ষের মোট ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল ৯টার দিকে নজরুল ও ১০টার দিকে ময়েজ উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি।