ময়মনসিংহে দুই বাড়িতে ডাকাতি, ২০টি গরু লুট
ময়মনসিংহ সদর উপজেলার আকুয়া বাইপাস এলাকার দুটি বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই দুটি বাড়ি থেকে ২০টি গরু, টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে একদল ডাকাত আকুয়া বাইপাস এলাকার পাশাপাশি অবস্থিত আবদুর জব্বার ও আবদুল কাইয়ুমের বাড়িতে হানা দেয়। তারা প্রথমে অস্ত্রের মুখে দুটি বাড়ির লোকজনকে জিম্মি করে তাঁদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে তারা ২০টি গরু, ১০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ মালামাল ট্রাকে তুলে নিয়ে যায়।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে পুলিশ ও আকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় লোকজন জানান, ইউপি চেয়ারম্যান ডাকাতি রোধে রাতে পাহারা বসানোর ঘোষণা দিয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার এসআই আমবার হোসেন বলেন, এ ঘটনায় আবদুর জব্বার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল মামলা দায়ের করেছেন।