ময়মনসিংহে ‘বহুরূপী নাট্য সংস্থা’ নামের একটি নাট্য সংগঠনের কার্যালয়ে গত মঙ্গলবার আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাবসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ পুড়ে গেছে বলে জানা গেছে।
বহুরূপী নাট্য সংস্থা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে তালা ভেঙে ময়মনসিংহ শহরের ব্যস্ততম এলাকা টাউন হল মোড়ে অবস্থিত ওই কার্যালয়ের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয় একদল দুর্বৃত্ত। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কার্যালয়টি কাছেই হওয়ায় খবর পেয়ে সেখানকার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কার্যালয়ের আসবাবসহ সংগঠনটির গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এ ঘটনায় ময়মনসিংহ থিয়েটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শাহাদাত হোসেন খান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন।
এ ঘটনার প্রতিবাদে পরের দিন বুধবার বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে ময়মনসিংহের নাগরিক সমাজ। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংস্কৃত অঙ্গনের লোকজন অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়েছে। যারা বাংলাদেশের সংস্কৃতিকে হত্যা করতে চায়, এটা তাদের কাজ। বক্তারা ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করার দাবি জানান।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, জড়িতদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।