নিহত 'জঙ্গির' পরিচয় মিলেছে, বাড়িতে বিস্ফোরক
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকায় বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ‘জঙ্গি’র পরিচয় মিলেছে। তাঁর নাম মো. আলম প্রামাণিক (৩৫)। পুলিশ বলছে, তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি দল জেএমবির সদস্য। তাঁর গ্রামের বাড়ি নাটোর সদর উপজেলার তেলকুপি গ্রামে।
আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। সেখানে বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে।
আজ সোমবার ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, মো. আলম প্রামাণিক এর আগেও বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ ছিলেন। সবশেষ রোজার ঈদের পরে কুষ্টিয়াতে একটি ‘জঙ্গি আস্তানায়’ ছিলেন তিনি। এরপর পাঁচ দিন আগে পরিবার নিয়ে এই বাসা ভাড়া নেন।
সৈয়দ নুরুল ইসলাম দুপুর ১২টার দিকে আরও জানান, ঘটনাস্থলে অত্যাধুনিক বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক পাওয়া গেছে। এগুলো নিষ্ক্রিয় করতে কাজ করা হচ্ছে। কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজিম উদ্দিনের কাশর চৌরাস্তা এলাকায় বাড়িটিতে ১২টি ঘর রয়েছে। ঘরগুলোতে পোশাক কারখানার শ্রমিকেরা ভাড়া থাকেন। পাঁচ দিন আগে স্ত্রী পারভিন ও দুই সন্তান ইব্রাহীম (৮) ও ইহছাককে (৩) নিয়ে একটি ঘর ভাড়া নেন নিহত আলম। ভাড়া দেওয়ার সময় বাড়ির মালিক আজিম উদ্দিন ওই ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য নেননি। শুধু নিহত ব্যক্তির বাড়ি কুষ্টিয়া বলে জানতেন।
গতকাল সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই বাড়িতে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয় লোকজন বাড়িতে গিয়ে দেখেন, বোমার আঘাতে আলমের দুই হাত উড়ে গেছে। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমার বিস্ফোরণে আলমের আট বছরের ছেলে ইব্রাহীম আহত হয়। বিস্ফোরণের পর আলমের স্ত্রী পারভীন আহত ইব্রাহীমসহ দুই শিশুকে নিয়ে পালিয়ে যান। পরে তাদের আটক করা হয়। আহত ইব্রাহীমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।