
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সভাপতির বিরুদ্ধে বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে গ্রাহকদের প্রায় নয় লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তাঁর অপসারণ দাবিতে ময়মনসিংহের সদর উপজেলার বাঘেরকান্দা গ্রামে গতকাল রোববার কয়েক শ মানুষ মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, শহরতলির শম্ভুগঞ্জে অবস্থিত ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কালাম মাস্টার। প্রায় তিন বছর আগে তিনি বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে বোররচর ইউনিয়নের বাঘেরকান্দা ও জাফর মণ্ডলের পাড়া গ্রামের প্রায় ৩০০ জনের কাছ থেকে ৩ হাজার করে টাকা আদায় করেন। এত দিনেও তাঁরা বিদ্যুতের সংযোগ পাননি। সম্প্রতি আবুল কালামের মদদে একটি চক্র ওই দুটি গ্রামে পল্লী বিদ্যুতের সংযোগ দেওয়ার কথা বলে আবারও ৩ হাজার করে টাকা দাবি করেন গ্রামবাসীর কাছে। গ্রামের কয়েকজন ব্যক্তি আগে টাকা নিয়ে বিদ্যুতের সংযোগ না দেওয়ার ব্যাপারে জিজ্ঞেস করলে আবুল কালাম কোনো উত্তর দেননি।
আবুল কালাম বলেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ এনে যাঁরা মানববন্ধন করেছেন, তাঁদের তিনি চেনেন না। এটা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র।
বাঘেরকান্দা গ্রামের এমদাদুল হক বলেন, তিন বছর আগে বিদ্যুতের জন্য টাকা দেওয়ার সময় তাঁর কাছে টাকা ছিল না। টাকার জন্য তাড়া দিলে তিনি ছাগল বিক্রি করে টাকা জোগাড় করেন। একই গ্রামের ৭০ বছর বয়সী হামেদ আলী বলেন, ‘আমার কাছেও কোনো
টাকা ছিল না। ঘরের হাঁস মুরগি বেচে (বিক্রি) টাকা জোগাড় করেছি।’
ভুক্তভোগীরা অভিযোগ করেন, টাকা নেওয়ার পর থেকে আবুল কালাম আর কোনো দিন তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। গ্রামবাসী ফোন করলেও তিনি ফোন ধরেন না। গ্রামবাসী দ্রুত আবুল কালামকে অপসারণের দাবি জানান।