ময়মনসিংহে পুলিশি হেফাজতে আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে গত শুক্রবার রাতে পুলিশি হেফাজতে প্রান্ত চন্দ্র দে নামের এক আসামির মৃত্যু হয়েছে। আটকের পর প্রান্ত চন্দ্র দে অসুস্থ হয়ে পড়েন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রান্ত চন্দ্রের (১৮) বাড়ি ময়মনসিংহ শহরের গোলপুকুর পাড় এলাকায়। তাঁর বাবার নাম রবীন্দ্র চন্দ্র দে।
পুলিশ ও প্রান্ত চন্দ্রের পরিবার সূত্রে জানা যায়, প্রান্ত চন্দ্র মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ি এলাকার একটি মন্দিরের পেছন থেকে ১৫টি ইয়াবা বড়িসহ তাঁকে আটক করা হয়। পরে তাঁর নামে মাদক ব্যবসার অভিযোগে মামলা দেওয়া হয়। থানা হাজতে রাত আটটার দিকে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় থানা হাজতে থাকা অন্য আসামিরা তাঁর সেবা-শুশ্রূষা করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে অন্য আসামিরা বিষয়টি পুলিশকে জানালে তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গোলপুকুর এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, প্রান্ত চন্দ্র দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন। তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন। এর আগেও তাঁকে একবার মাদকসহ আটক করা হয়েছিল। কিন্তু বয়স বিবেচনায় এবং মাদক সেবন ও ব্যবসা না করার অঙ্গীকার করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
প্রান্ত চন্দ্রের ভাই মিঠুন চন্দ্র দে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদনে বোঝা যাবে কেন তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, প্রান্ত চন্দ্রের পরিবার তাঁর মৃত্যুর ব্যাপারে কোনো অভিযোগ করেনি। পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে চাইলেও পুলিশ ময়নাতদন্ত করেছে।