ময়মনসিংহে পুলিশের গুলিতে 'ডাকাত' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি পেশাদার ডাকাত ছিলেন। পুলিশের হাতে আটকের পর গত মঙ্গলবার দিবাগত রাতে পালানোর সময় তিনি পুলিশের গুলিতে নিহত হন। এ সময় সন্দেহভাজন আরও পাঁচজন ডাকাতকে আটক করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম ওরফে ঢোল (২৮)। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাঘাইচটি গ্রামে। আশরাফুলের নামে গফরগাঁও থানায় বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি পলাতক ছিলেন।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, আশরাফুল ইসলাম এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল রাত আটটার দিকে গফরগাঁও পৌর শহর থেকে আশরাফুলকে গ্রেপ্তার করে। গাড়িতে বসেই আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গতকাল রাত দুইটার দিকে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের আয়নাক্ষেত এলাকায় তাঁর দলের সদস্যরা ডাকাতি করবে—এই তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ আশরাফুলকে সঙ্গে নিয়ে রাত দুইটার দিকে আয়নাক্ষেত এলাকায় অবস্থান নেয়। রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত আশরাফুলকে ছিনিয়ে নেওয়ার জন্য পুলিশের ওপর আক্রমণ করে। আত্মরক্ষার্থে পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি করে। ওই সময় আশরাফুল পালিয়ে যেতে চাইলে পুলিশের গুলিতে আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ সময় পুলিশ আয়নাক্ষেত এলাকা থেকে পাঁচ সন্দেহভাজন ডাকাতকে আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটককৃত ডাকাতেরা হলেন ময়মনসিংহ শহরের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শেষ মোড় এলাকার মফিজুল ইসলাম ও আল মামুন, বলাশপুর এলাকার হ‌ুমায়ূন কবির, কৃষ্টপুর এলাকার মিঠুন দাস এবং ময়মনসিংহ শহরতলির চর কালিবাড়ি এলাকার মানিক মিয়া।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেন, এ ঘটনায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে ত্রিশাল থানায় মামলার প্রস্তুতি চলছে।