ময়মনসিংহে পুলিশের সঙ্গে সেলিম বাহিনীর সংঘর্ষ
ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকার সেলিম ওরফে চৌর্যাে সেলিম বাহিনীর সঙ্গে গতকাল বুধবার পুলিশের সংঘর্ষ হয়েছে। সেলিম বাহিনীর প্রায় এক হাজার লোককে ঠেকাতে পুলিশ ৭০টি গুলি ও ১১টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় পুলিশের দুই সদস্যও আহত হন।
থানা-পুলিশ জানায়, ময়মনসিংহ শহরের ব্রহ্মপুত্র নদের কাছারি ঘাট এলাকায় বালু উত্তোলন এবং ওই এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ময়মনসিংহ শহর ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন ওরফে আরিফ ও চরাঞ্চলের সেলিম ওরফে চৌর্যাে সেলিমের মধ্যে বেশ কয়েক মাস ধরে বিরোধ চলছে। এর জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষও হয়। সর্বশেষ সংঘর্ষের জের ধরে সেলিম বাহিনীর লোকেরা চর এলাকায় আবদুল্লাহ আল মামুনের সমর্থকদের বাড়িঘরে হামলা চালান। এ ঘটনায় চর এলাকার আসাদুজ্জামান সেলিম বাহিনীর ২৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ সেলিম ও তাঁর সমর্থকদের গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান চালিয়ে ব্যর্থ হয়।
পুলিশ ও এলাকার ১৩ জন বাসিন্দা বলেন, গতকাল দুপুর ১২টার দিকে সেলিম ও তাঁর সমর্থকদের নামে দেওয়া মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করার জন্য সেলিম বাহিনীর প্রায় এক হাজার লোক ময়মনসিংহ শহরের আসার জন্য চর ঈশ্বরদিয়া এলাকায় জড়ো হন। তাঁদের অনেকের হাতেই রামদাসহ নানা ধরনের দেশীয় অস্ত্র ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় যায়। এ সময় সেলিম বাহিনীর লোকেরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পরে পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনতে ৭০টি ফাঁকা গুলি ও ১১টি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সেলিম বাহিনীর লোকদের ছোড়া ইটের আঘাতে শাহাদাৎ ও শামছুল হক নামের দুজন কনস্টেবল আহত হন।
নাম প্রকাশ না করার শর্তে চর এলাকার একাধিক বাসিন্দা বলেন, সেলিম বাহিনীর মানববন্ধনের নামে শহরে গিয়ে নাশকতা করত। তাঁরা আরও অভিযোগ করেন, বালু তোলা নিয়ে বিরোধের জের ধরে সেলিমের লোকেরা প্রায়ই মাঝিদের হুমকি দিয়ে কাছারি ঘাটে নৌকা চলাচল বন্ধ করে দেন। এতে চরাঞ্চলের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়ে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে সেলিমের প্রধান সহকারী আবু রাসেলসহ ১৬ জনকে আটক করেছে। মানববন্ধনের নামে যাঁরা এসেছিলেন, তাঁদের অনেকের হাতেই দেশীয় অস্ত্র দেখা গেছে। তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা করা হবে।