ময়মনসিংহে বন্ধুর বাড়িতে গুলিতে কিশোর নিহত
ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায় গতকাল বুধবার বন্ধুর বাড়িতে পিস্তলের গুলিতে তৌহিদুল ইসলাম ওরফে তরু (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।
তৌহিদুলের বাড়ি আকুয়া দক্ষিণপাড়া এলাকায়। তার বাবার নাম সিরাজুল ইসলাম। সে এ বছর একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকুয়া চৌরঙ্গী মোড় এলাকায় কেফায়েত উল্লাহ নামের এক বন্ধুর বাসায় তৌহিদুলসহ চার বন্ধু আড্ডা দিচ্ছিল। এ সময় হঠাৎ গুলির শব্দ হয়। গুলির শব্দ শুনে কেফায়েত উল্লার মা দিলারা বেগম ঘরে গিয়ে দেখেন তৌহিদুল পড়ে আছে। গুলির শব্দে স্থানীয় লোকজন এগিয়ে গেলে তিন বন্ধু পালিয়ে যায়।
কেফায়েত উল্লার মা দিলারা বেগম বলেন, বাসায় ওই ছেলেরা প্রায়ই এসে আড্ডা দিত। তাদের মধ্যে কোনো বিরোধ ছিল কি না জানা নেই।
খবর পেয়ে কেফায়েত উল্লার বাড়িতে পুলিশ যায়। লাশ ময়না-তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি বলেন, ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তদন্ত শুরু হয়েছে।