ময়মনসিংহে ব্যবসায়ীকে হত্যা করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুমন নুনিয়া
সুমন নুনিয়া

ময়মনসিংহে এক ব্যবসায়ীকে হত্যা করে তিন লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার রাতে শহরের বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজের তিন দিন পর অপর এক ব্যবসায়ীর মস্তকবিহীন লাশ সোমবার উদ্ধার করেছে পুলিশ।
ময়মনসিংহে নিহত ব্যক্তির নাম হরিপদ দাস (৪০)। তাঁর বাড়ি ময়মনসিংহ শহরের কেওয়াটখালী ব্রাহ্মণপাড়া এলাকায়। তিনি ময়মনসিংহ শহরের পাটগুদাম বাস টার্মিনাল এলাকায় ফ্লেক্সিলোড এবং বিকাশের মাধ্যমে টাকা লেনদেনের ব্যবসা করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১২টার দিকে হরিপদ দাস দোকান বন্ধ করে সাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। বাড়ি ফেরার সময় তাঁর কাছে কমপক্ষে তিন লাখ টাকা ছিল। রাত পৌনে একটার দিকে তাঁরা খবর পান, দুর্বৃত্তরা হরিপদ দাসকে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার এক ঘণ্টা পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে দুজনকে আটক করেছে। পুলিশ তদন্ত করছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মৌলভীবাজারের কমলগঞ্জে মাধবপুর চা-বাগানের শ্রমিক বলরাম নুনিয়ার ছেলে পান ব্যবসায়ী সুমন নুনিয়ার (২৪) মস্তকবিহীন লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গতকাল দুই ব্যক্তিকে আটক করেছে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার সুমন নুনিয়া কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানের ছোট বোন মুন্নী নুনিয়ার শ্বশুরবাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। ওই তিন রাত আটটায় কথা বলার জন্য তাঁর মুঠোফোনে ফোন দিলে তা বন্ধ পান স্বজনেরা। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি। সোমবার দুপুরে মিরতিংগা চা-বাগানের ২০ নম্বর সেকশনের গুটিবাড়ীর একটি নালায় মস্তকবিহীন একটি লাশ দেখতে পান বাগান পাহারাদার কৃষ্ণ অলমিক। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।