ময়মনসিংহ শহরের কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ওষুধের দোকানে গত মঙ্গলবার র্যা বের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২১ লাখ টাকা জরিমানা করেছে। অভিযানের পর ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।
পুলিশ, ভ্রাম্যমাণ আদালত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও স্বাস্থ্য বিভাগের মেডিকেল বোর্ড ও প্রাইভেট ক্লিনিকের সহকারী পরিচালক মো. শাহজাহানের উপস্থিতিতে চরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী অভিযানে পপুলার, ল্যাবএইড, সেফওয়ে, পিউর ডায়াগনস্টিক নামের বেসরকারি হাসপাতাল ও রোগনির্ণয়কেন্দ্র এবং বেশ কিছু ওষুধের দোকানকে মোট ২১ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যা বের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, ওই সব হাসপাতাল ও রোগনির্ণয়কেন্দ্রে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। রোগনির্ণয়ের নামে তারা মানুষের সঙ্গে বড় ধরনের প্রতারণা করে আসছিল বলে প্রমাণ পাওয়া যায়। তিনি বলেন, পিউর ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠান কোনো প্রকার পরীক্ষা ছাড়াই রোগনির্ণয়ের প্রতিবেদন দিয়ে আসছিল। ওষুধের দোকানে দুই থেকে তিন বছরের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে।
গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে অভিযান শেষ হলে ময়মনসিংহের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ওষুধের দোকানের মালিকেরা চরপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, মহাসড়ক অবরোধ করলে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ব্যবসায়ীরা পুলিশের কাজে বাধা দেয়। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।