ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের বুলডোজার ভাঙচুর, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকায় গতকাল দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের বুলডোজারে হামলা চালিয়ে সেটি ভাঙচুর করেছেন। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা সড়কে টায়ার জ্বালিয়েও বিক্ষোভ করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোজার শুরু থেকে ময়মনসিংহে প্রায় প্রতিদিনই বিভিন্ন এলাকার অবৈধ দোকানপাট উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল দুপরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের নেতৃত্বে গাঙ্গিনারপাড় স্টেশন রোড এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ফুটপাতের ওপর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও জরিমানা আদায় করা হচ্ছিল। একপর্যায়ে অভিযান পরিচালনাকারীরা ওই এলাকার মেছুয়া বাজারের ভেতর থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালান। তখন গাঙ্গিনারপাড় এলাকার ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালতের ব্যবহৃত বুলডোজারে হামলা চালান। তাঁরা সেটি ভাঙচুর করে সড়কে নেমে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। এ সময় গাঙ্গিনারপাড় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। স্টেশন রোড ও মেছুয়া বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, বিনা নোটিশে অভিযান চালানোয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।