ময়মনসিংহে মন্দির ও বাড়িতে হামলা
ময়মনসিংহ শহরের কেওয়াটখালী পাওয়ার হাউস সড়কের মন্দির ও পার্শ্ববর্তী দুটি বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত রোববার রাতের এ ঘটনায় নারীসহ ছয়জন আহত হন। গুরুতর আহত দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীরা পাওয়ার হাউস সড়কের মন্দিরটিতে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করছিলেন। সেখানে হিন্দু ধর্মাবলম্বীরা ছাড়াও অন্য সম্প্রদায়ের লোকজনও অনুষ্ঠান উপভোগ করেন। মন্দিরের মাইকে রেকর্ড করা গান বাজানো হচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে মাইকের গান হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা রবিন, রাকিব, শান্ত, আজিম ও অনিসহ ১০-১৫ জনের একটি দল পূজার জন্য আনা প্লাস্টিকের চেয়ার ছুড়তে শুরু করে। হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন এতে বাধা দিলে হামলাকারীরা দ্রুত রামদা নিয়ে এসে মন্দিরের পাশের দুটি বাড়ির টিনের বেড়া কোপাতে শুরু করে। তাতে বাধা দিলে হামলাকারীরা জীবন বর্মণ (২২) ও হাফিজুর রহমান নামের দুজনকে কুপিয়ে জখম করে। এ ছাড়া সীমা রানী বর্মণ ((৩০), মঞ্জু রানী বর্মণ (৬০), পুষ্প রানী বর্মণ (৫০) ও সুধা রানী বর্মণ (৬০) হামলায় আহত হন। জখম হওয়া জীবন বর্মণ ও হাফিজুর রহমানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম বলেন, এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র বর্মণ বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পুলিশ ও র্যা ব ঘটনাস্থল পরিদর্শন করেছে।