ময়মনসিংহে মাছ ধরা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় জলাশয়ে মাছ ধরা নিয়ে আজ শুক্রবার দুপুরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।
নিহত ব্যক্তিরা হলেন ফুলবাড়ীয়া উপজেলা আনোয়াদি গ্রামের আবদুল হালিম (৩৩) ও মো. আনছর (৩৫)।
পুলিশের ভাষ্যমতে, উপজেলার বৃহৎ জলাশয় ‘বড়বিলা’ নামের একটি বিলে ইজারাদার রুস্তম আলী শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর লোকজন নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার সময় স্থানীয় বাসিন্দা কছিম উদ্দিন তাঁর লোকদের নিয়ে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা, রামদা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।
সংঘর্ষে রামদার কোপে আবদুল হালিম ও আনছর মারা যান। আহত হন কমপক্ষে ১৫ জন। তাঁদের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে দুই পক্ষের লোকেরা পলাতক রয়েছেন।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষী ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি রুস্তম আলীকে বিলের বৈধ ইজারাদার বলে দাবি করেন।