ময়মনসিংহে সংঘর্ষে এক কৃষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন। সংঘর্ষে আরও ১৩ জন আহত হন।
নিহত ব্যক্তির নাম মো. ইয়াছিন আলী (৪০)। থানার পুলিশ ও এলাকাবাসী বলেন, গোয়াতলা ইউনিয়নের জিরাখালী গ্রামের নয় একর জমি নিয়ে ওই গ্রামের আবদুল খালেকের সঙ্গে পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বতিহালা গ্রামের রুকুনুজ্জামানের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। রুকুনুজ্জামানের পক্ষের লোকজন গতকাল রোববার বেলা ১১টার দিকে বিরোধপূর্ণ ওই জমিতে চাষ করার জন্য যান। এ সময় খালেকের পক্ষের লোকেরা বাধা দেন। এতে উভয় পক্ষের লোকেরা লাঠিসোঁটা ও রামদা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের রামদায়ের কোপে খালেকের পক্ষের ইয়াছিন আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হন। তাঁরা হলেন জিরাখালী গ্রামের আহাম্মদ আলী (৩২), মোহাম্মদ আলী (৪০), আবদুল ওয়াহাব (২৮), আবদুর রশিদ (৫০), মো. রায়হান (১৭), আজিম উদ্দিন (২৭) ও বতিহালা গ্রামের আক্কাছ আলী (৫০), আছর আলী (৪৬), মো. জাফর (৪৮), রুকুন উদ্দিন (৪২), ইসলাম (৪০), আতব আলী (৩৫), মর্জিনা (২৬)। আহত ব্যক্তিদের ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতাল ও ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ধোবাউড়া থানার ওসি এম এ হক বলেন, ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।