ময়মনসিংহে সংঘর্ষে একজন নিহত, ব্রাহ্মণবাড়িয়ায় আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কামরুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার সহনাটি ইউনিয়নের সানিয়াকান্দি গ্রামে গতকাল বুধবার এ সংঘর্ষ হয়। এদিকে জমির মাটি কাটা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
গৌরীপুর থানার পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সানিয়াকান্দি গ্রামের আবু সিদ্দিকের সঙ্গে পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভাল্লুকবেড় গ্রামের রজব আলীর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরাধ ছিল। এর জের ধরে গতকাল দুপুরে সানিয়াকান্দিতে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে আবু সিদ্দিক ও তাঁর ছেলে কামরুল ইসলাম প্রতিপক্ষের রামদার কোপে আহত হন। এ ছাড়া লাঠিসোঁটার আঘাতে আহত হন আরও বেশ কয়েকজন। এঁদের মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুজনকে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পথে কামরুল মারা যান। আহত বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ বলেন, নিহত ব্যক্তির পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুলতলা ও কোড্ডা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জারুলতলা গ্রামে জমির মাটি কাটা নিয়ে স্থানীয় জসিমের সঙ্গে পাশের কোড্ডা গ্রামের জহিরের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে দুই গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেছে।