ময়মনসিংহে সাংবাদিকের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের দৈনিক জাহান পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শেখ মেহেদী হাসানের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাড়িটি ওই পত্রিকা কার্যালয়ের সীমানাপ্রাচীরের ভেতরেই অবস্থিত। ঘটনার সময় মেহেদীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি বলছে, সাংবাদিকতার আড়ালে শেখ মেহেদী হাসান ওরফে নাদিম (৩২) অস্ত্র ব্যবসায় জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তারা ধারণা করছে। ওই বাড়িতেই এসব অস্ত্র তৈরি করা হতো। তবে মেহেদীর পরিবারের দাবি, অস্ত্র উদ্ধারের ঘটনাটি একটি ষড়যন্ত্র।
জেলা ডিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ শহরের মাসকান্দা বিসিক এলাকায় দৈনিক জাহান পত্রিকার কার্যালয় অবস্থিত। কার্যালয়ের সীমানাপ্রাচীরের ভেতরেই মেহেদী হাসানের বাড়ি। ওই বাড়িতে অস্ত্র তৈরির কারখানা আছে বলে জানতে পারে ডিবি। এরপর গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে ডিবির একটি দল বাড়িটি ঘেরাও করে। পরে গতকাল ভোর পাঁচটার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, তিনটি চায়নিজ রাইফেলের যন্ত্রাংশ ও চারটি গুলিসহ বিভিন্ন ধারালো অস্ত্র পাওয়া যায়। এ ছাড়া অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করা হয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী ও পত্রিকাটির সাংবাদিক মো. রাসেল মিয়াকে (২৬)।
ডিবি বলছে, মেহেদী ও রাসেলকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে মনে হয়েছে, তাঁরা সাংবাদিকতার আড়ালে অস্ত্র ব্যবসায় জড়িত ছিলেন। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৈনিক জাহান ময়মনসিংহের উল্লেখযোগ্য পত্রিকাগুলোর একটি। পত্রিকাটির প্রয়াত সম্পাদক হাবিবুর রহমান শেখ ময়মনসিংহের সাংবাদিকতায় আদর্শ ব্যক্তি ছিলেন। হাবিবুর রহমানের মৃত্যুর পর থেকে তাঁর স্ত্রী রেবেকা ইয়াসমিন পত্রিকাটির সম্পাদক পদে রয়েছেন। আর ছেলে মেহেদী ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। রেবেকা ইয়াসমিন স্বামীর আদর্শ অনুসরণ করে পত্রিকার সুনাম বজায় রাখতে সচেষ্ট। কিন্তু মেহেদী কয়েক বছর ধরে কিছুটা বিপথগামী হয়ে উঠেছিলেন বলে কারও কারও ভাষ্য।
গতকাল রোববার দুপুরে ওই বাড়িতে গিয়ে কথা হয় রেবেকা ইয়াসমিনের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘মেহেদী কিছুটা বিপথগামী ছিল, ঠিক। তবে সে বাড়িতে অস্ত্র তৈরি করার মতো বিপথে ছিল না। পত্রিকার সুনাম নষ্ট করতে কেউ আমাদের সঙ্গে ষড়যন্ত্র করে এসব অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম রাখতে পারে।’
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমারত হোসেন গাজী বলেন, দোতলা বাড়িটির ওপরের তলায় থাকত মেহেদী হাসানের পরিবার। নিচতলায় আনুমানিক দুই বছর ধরে অস্ত্র তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে তাঁদের মনে হয়েছে। এ ব্যাপারে অধিকতর তদন্ত করা হবে। ওসি জানান, আটক দুজন ডিবির হেফাজতে রয়েছেন। এ ঘটনায় ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।