ময়মনসিংহে স্কুলছাত্র ইশতিয়াক হত্যায় দুই আসামি গ্রেপ্তার
ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় ছুরিকাঘাতে স্কুলছাত্র হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে হালুয়াঘাট উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার জেলা পুলিশ সুপার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান ওরফে সাগর (২১) ও তাঁর সহযোগী রুহান ইসলাম রিয়াদ ওরফে ঘুড়ি রিয়াদ (২০)। গত রোববার রাতে নিহত স্কুলছাত্র ইশতিয়াকের বাবা ফরিদ আহমেদ বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন ফারাবি (১৯), শিমুল (১৮), আলামিন (১৮), আদনান (১৮), বাইচ মানিক ওরফে শুভ (১৮), হাসান (১৬)।
থানা-পুলিশ সূত্র জানায়, পূর্ববিরোধের জের ধরে গত শুক্রবার রাতে শহরের নতুন বাজার এলাকায় ইশতিয়াক আহমেদকে ছুরিকাঘাতে হত্যা করে সমবয়সীরা।
ইশতিয়াক শহরের সিটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পৌর শহরে। পরিবারের সঙ্গে ময়মনসিংহ শহরের নওমহল এলাকায় ভাড়া বাড়িতে থাকত সে। গতকাল বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, হত্যাকাণ্ডের ভিডিওচিত্র দেখে আসামিদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরপর আসামিদের গ্রেপ্তারে অভিযান নামে পুলিশ। গ্রেপ্তার হওয়া সাগর পুলিশের কাছে স্বীকার করেছেন, তিনি ইশতিয়াককে ছুরিকাঘাত করেছেন। পুলিশ জানায়, একটি মুঠোফোন নিয়ে ইশতিয়াকের সঙ্গে মামলার আসামিদের বিবাদ ছিল। অপর একটির সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, নারীসংক্রান্ত বিষয়েও তাঁদের মধ্যে পূর্ববিরোধ ছিল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নুরে আলম, ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমারত হোসেন গাজী।