ময়মনসিংহে হাট থেকে ২০৫টি পাখি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে গতকাল শুক্রবার দুপুরে বিভিন্ন প্রজাতির ২০৫টি পাখি জব্দ করেছে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের একটি দল। পাখিগুলো বিক্রির উদ্দেশ্যে শ্যামগঞ্জ বাজারে আনা হয়েছিল।

বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট জানায়, উপজেলার শ্যামগঞ্জ বাজারের শুক্রবারের সাপ্তাহিক হাটে আশপাশের জলাভূমি থেকে বিভিন্ন প্রজাতির পাখি বিক্রি করার খবর পেয়ে গতকাল দুপুরে বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের একটি দল ঢাকা থেকে শ্যামগঞ্জ বাজারের হাটে যায়। ইউনিটের উপস্থিতি টের পেয়ে পাখি বিক্রেতারা পাখিগুলো রেখে পালিয়ে যান। পরে ইউনিটের কর্মকর্তারা ২০৫টি বন্য পাখি জব্দ করেন। বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিচালক অসীত রঞ্জন পালের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন পরিদর্শক আবদুল্লাহ আস সাদিক ও অসীম মল্লিক।

জব্দ করা পাখিগুলোর মধ্যে ৬৫টি কানি বক, ২৫টি গোবক, ৫টি নিশিবক, ৭টি পানকৌড়ি, ৪টি কালিম, ৪৫টি কাদাখোঁচা, ৪টি পাতি সরালি, ২টি বালিহাঁস, ২৮টি সোনাজিড়িয়া ও ২০টি পাতি বাটান রয়েছে।

স্থানীয়রা জানান, শ্যামগঞ্জ বাজারের শুক্রবারের হাটে দীর্ঘদিন ধরেই বন্য পাখি বিক্রি করা হচ্ছিল। ইউনিটের পরিদর্শক আবদুল্লাহ আস সাদিক বলেন, অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় বিক্রেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়নি। পাখিগুলো ময়মনসিংহের বিভিন্ন হাওরে অবমুক্ত করা হবে।