ময়মনসিংহে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ময়মনসিংহ শহরে শরীফ (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত শরীফ ময়মনসিংহ শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে দুইটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শরীফ নিহত হন।
শরীফের বাড়ি ময়মনসিংহ শহরের কৃষ্টপুর এলাকায়। ডিবি জানায়, গতকাল রাতে ডিবি পুলিশের একটি দল শহরে কালীবাড়ি বাইলেন এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। সেখানে পাঁচ থেকে ছয়জন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর ইটপাটকেল ও গুলি করতে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি করে। ওই সময় শরীফ গুলিবিদ্ধ হন। তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। ‘বন্দুকযুদ্ধে’ ডিবির কনস্টেবল শামীম হোসেন ও সেলিম মিয়া আহত হন। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহত শরীফের নামে মাদকের চারটি মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট সাতটি মামলা রয়েছে।