ভালুকায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১
ময়মনসিংহের ভালুকা উপজেলার হরিববাড়ি ইউনিয়নের কাশর চৌরাস্তা এলাকার একটি বাড়িতে আজ রোববার সন্ধ্যায় বোমা বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশের ধারণা, নিহত ব্যক্তি জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত। তিনি বোমা তৈরি করছিলেন।
নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বসয় আনুমানিক ৩৫। তিনি সম্প্রতি ওই বাড়িটি ভাড়া নিয়ে একজন নারী ও ছোট দুটি শিশু নিয়ে থাকতে শুরু করেন। বাড়ির মালিকের কাছে নারীকে স্ত্রী ও শিশুদের সন্তান বলে পরিচয় দেন। বোমা বিস্ফোরণের পর ওই নারী দুই শিশুকে নিয়ে পলাতক রয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক আজিম উদ্দিনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলার দত্তের বাজার এলাকার বাসিন্দা আজিম উদ্দিনের কাশর চৌরাস্তা এলাকায় বাড়িটিতে ১২টি ঘর রয়েছে। ঘরগুলোতে পোশাক কারখানার শ্রমিকেরা ভাড়া থাকেন। আনুমানিক পাঁচ দিন আগে একটি ঘর ভাড়া নেন নিহত ওই ব্যক্তি। ভাড়া দেওয়ার সময় বাড়ির মালিক আজিম উদ্দিন ওই ব্যক্তির সম্পর্কে কোনো তথ্য নেননি। শুধু নিহত ব্যক্তির বাড়ি কুষ্টিয়া বলে জানতেন।
রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই বাড়িতে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে স্থানীয় লোকজন বাড়িতে গিয়ে দেখেন বোমার আঘাতে ওই ব্যক্তির দুই হাত উড়ে গেছে। ওই ব্যক্তিকে ঘটনাস্থলে মারা যান। বোমার বিস্ফোরণে নিহত ব্যক্তির সঙ্গে থাকা এক শিশুও আহত হন। স্ত্রী পরিচয়ে থাকা ওই নারী দুই শিশুকে নিয়ে পলিয়ে যান।
স্থানীয় লোকজন জানান, বাড়ির অন্যান্য ঘরের ভাড়াটেরা প্রত্যেকেই পোশাক কারখানায় কাজ করেন। ঘটনার সময় বাড়িতে অন্য কোনো ভাড়াটে ছিলেন না। ঘটনার পর ভালুকা থানার পুলিশ ও পরে ময়মনসিংহ জেলা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটি ঘিরে ফেলে। বাড়িতে আরও বোমা থাকতে পারে—এমন সন্দেহে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, ঘটনার পরপর পুলিশ বাড়িটি ঘিরে ফেলে। বাড়ির মালিককে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।
ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তি জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করছে।