ময়লা এখন রাস্তায় ওপরই ফেলা হচ্ছে
রাজধানীর মিরপুর ১৩ নম্বর সেকশনে হারমেন মেইনার স্কুলের পাশে প্রধান সড়কের ওপর থেকে ময়লা-আবর্জনার কনটেইনার দুটি সরানো হয়েছে। তারপরও এলাকায় দুর্গন্ধ সমস্যার সুরাহা হয়নি, বরং বেড়েছে। কারণ, এখন ময়লা ফেলা হচ্ছে খানিক দূরে কৃষি ব্যাংক এবং পুলিশ মাঠের বিপরীত দিকের রাস্তায়।
গতকাল শনিবার দুপুরে এ দৃশ্য দেখা যায়। পরিষ্কার না করার কারণে আবর্জনা শক্ত হয়ে বসে গেছে। তার ওপর নতুন ময়লা ফেলা হচ্ছে।
স্থানীয় কয়েকজন দোকানি বলেন, সংবাদপত্রে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর হারমান মেইনারের সামনে থেকে কনটেইনার সরানো হয়। কিন্তু তার পরিবর্তে বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সেখানে না ফেললেও ময়লা ফেলা হয় খোলা রাস্তায়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) লোকজন এসব দেখেও দেখেন না।
এ বিষয়ে ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে বলা হয়, রাস্তার ওপর আবর্জনা ফেলার জন্য সব এলাকাবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। তারপরও ফেলা হয়। তবে স্থানীয়ভাবে এলাকায় কনটেইনার রাখার জায়গা খোঁজা হচ্ছে।