ময়লা তেলে বিরিয়ানি, কেকের মধ্যে পচা ডিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবার তৈরিতে পোড়া ও নিম্নমানের পাম তেল ব্যবহার হচ্ছিল নগরের ‘হাজী বিরিয়ানি’র কারখানায়। পোড়া তেল ব্যবহার করা হচ্ছিল চিটাগাং বেকারি অ্যান্ড ফুডসের খাদ্যপণ্য তৈরিতেও। এই বেকারির কেকে ভালো ডিমের পাশাপাশি পচা ডিমও মেশানো হচ্ছিল। নোংরা অপরিচ্ছন্ন কারখানার মেঝেতে ফেলে রাখা হয়েছিল ডালডা, ময়লা হাত দিয়ে মেশানো হচ্ছিল চকলেট ক্রিম।

এমন নানা অনিয়মের দায়ে অভিযান চালিয়ে খাবারের কারখানা দুটিকে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার নগরের চকবাজার ও সিরাজুদ্দৌলা রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।

মোহাম্মাদ রুহুল আমীন প্রথম আলোকে বলেন, নগরের তিনটি এলাকায় ‘হাজী বিরিয়ানি’র শাখা রয়েছে। এই তিন শাখায় খাবার সরবরাহ করা হয় চকবাজার এলাকার কারখানা থেকে। চকবাজারে ওই কারখানায় অভিযান চালিয়ে দেখা গেছে, খুবই নিম্নমানের ময়লা পাম তেল রান্নায় ব্যবহার করা হচ্ছে। পাশে একটি বালতিতে সংরক্ষণ করা হচ্ছিল পোড়া তেল। এই তেলও রান্নায় ব্যবহার করেন তাঁরা। অভিযান চালানোর সময় কারখানা কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করেছে। কারখানাটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া সিরাজুদ্দৌলা রোডের চিটাগাং বেকারি অ্যান্ড ফুডসের কারখানাটিতে দেখা গেছে, খুবই নোংরা পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি ইত্যাদি বানানো হচ্ছে। খাবারে দীর্ঘদিনের পুরোনো চিনির শিরা, ডালডা এমনকি পচা ডিম মেশানো হচ্ছে। এ কারখানাটিকেও এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে দুই কারখানা থেকে মোট ৭০ লিটার নিম্নমানের পাম তেল, এক বালতি পোড়া তেল, ১৫ কেজি বেকারি পণ্য ও অনেকগুলো পচা ডিম জব্দ করে নষ্ট করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।