ময়লার স্তূপে কার্টন ভর্তি মোবাইল সেট
কার্গোর আমদানি শাখার ভেতরের ময়লার স্তূপ থেকে এক কার্টন মুঠোফোন সেট আটক করা হয়েছে। কার্টনে আমদানি করা স্যামসাং জে ওয়ান ব্র্যান্ডের ২০টি সেট ছিল। এ ঘটনায় বিমানবন্দরের পরিচ্ছন্নতা সংস্থা ‘নাহিদ ট্রেডার্স’-এর পরিচ্ছন্নতাকর্মী মো. রোকনকে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা।
প্রায়ই কার্গোর আমদানি শাখা এলাকা থেকে মোবাইল চুরি হচ্ছে—এমন অভিযোগ করে আসছেন আমদানিকারকেরা। এর পরিপ্রেক্ষিতে ওই এলাকায় বিমানবন্দর এপিবিএনের নজরদারি জোরদার করা হয়। গত ২৮ জুলাই সৌদি আরবের ৫৯৪টি সিম এবং সিম্ফোনি কোম্পানির ৪৫৯টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছিল।
বিমানবন্দর আর্মড পুলিশের (এপিবিএন) সহকারী সুপারিনটেনডেন্ট তানজিনা আখতার জানান, উদ্ধার করা মুঠোফোন সেটগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। আটক ব্যক্তি কার্গোর আমদানি শাখা থেকে মোবাইল চুরির সঙ্গে জড়িত চক্রের সদস্য। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।