ময়লায় আগুন, গাছ পুড়ে কয়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের পাশে ফেলা হয় ময়লা-আবর্জনা। তারপর সেই ময়লায় দেওয়া হয় আগুন। এতে মরে যাচ্ছে সড়কের পাশের গাছপালা। ছবিটি সম্প্রতি ডেমরা সড়কের ধল্লা এলাকা থেকে তোলা l প্রথম আলো
সড়কের পাশে ফেলা হয় ময়লা-আবর্জনা। তারপর সেই ময়লায় দেওয়া হয় আগুন। এতে মরে যাচ্ছে সড়কের পাশের গাছপালা। ছবিটি সম্প্রতি ডেমরা সড়কের ধল্লা এলাকা থেকে তোলা l প্রথম আলো

ভ্যানে করে ময়লা-আবর্জনা এনে ফেলা হচ্ছে সড়কের পাশে। শুধু তা-ই নয়, সড়কের পাশের গাছের গোড়ায় রাখা ময়লায় ধরিয়ে দেওয়া হচ্ছে আগুন। সম্প্রতি ঢাকার ডেমরার কোনাপাড়া ও ধল্লা এলাকায় দেখা যায় এ দৃশ্য।
স্থানীয় লোকজন বলছেন, এভাবে বর্জ্যে আগুন দেওয়ায় মরে গেছে অন্তত ১০০ গাছ। ডেমরার সারুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডেমরা এলাকায় ময়লা ফেলার নির্দিষ্ট কোনো জায়গা নেই। বছরের পর বছর এলাকার সব গৃহস্থালি বর্জ্য ভ্যান ও ভটভটিতে করে কোনাপাড়া ও ধল্লা এলাকায় সড়কের পাশে ফেলা হয়। পরে ওই আগুন দিয়ে বর্জ্য পোড়ানো হয়। এ কারণে বহু গাছ মরে গেছে।
জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদি ইকবাল প্রথম আলোকে বলেন, ডেমরা রোডে ময়লা ফেলায় সড়কের পাশের অনেক গাছ মরে গেছে। সড়কে ময়লা ফেলে রাখায় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। তিনি সরেজমিনে দেখে এসেছেন। বিষয়টি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, সড়কে আর কাউকে ময়লা ফেলতে দেওয়া হবে না। এরই মধ্যে যেসব ময়লা ফেলা হয়েছে, তা অপসারণ করা হবে।
সরেজমিনে দেখা যায়, ডেমরার কোনাপাড়া বাসস্ট্যান্ড থেকে বাঁশেরপুল পর্যন্ত সড়কের উত্তর পাশে ময়লা ফেলে রাখা হয়েছে। বাঁশেরপুল থেকে ধল্লা পর্যন্ত গাছের গোড়ায় ফেলা ময়লায় আগুন দিতে দেখা গেছে। অন্যদিকে সড়কের পাশের অনেক গাছের ডালে পাতা নেই। গাছ শুকিয়ে গেছে।
সড়কের পাশে ময়লা ফেলার সময় কথা হয় পরিচ্ছন্নতাকর্মী শাকিল ও আনোয়ারের সঙ্গে। এক বছর ধরে তাঁরা নিয়মিত ডেমরায় সড়কের পাশে ময়লা ফেলছেন। শাকিল ও আনোয়ার প্রথম আলোকে বলেন, স্থানীয় উদ্যোগে বাসাবাড়ি থেকে গৃহস্থালি বর্জ্য সংগ্রহ করে ডেমরার কোনাপাড়া ও বাঁশেরপুলে ফেলা হয়। যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ি, ডেমরার কোনাপাড়া, মাতুয়াইল, পাড়ডগার ও সারুলিয়ার সব ময়লা ভ্যানে করে এনে এসব জায়গায় ফেলা হয়।
বাঁশেরপুলে সড়কের যে অংশে ময়লা ফেলা হয়, তার পাশে একটি কারখানায় কাজ করেন আবদুস সালাম নামের এক ব্যক্তি। তিনি বলেন, ময়লা ফেলার কারণে ওই এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ক্ষুব্ধ কণ্ঠে সালাম বললেন, কয়েক বছর থেকে প্রশাসনের সামনে সড়কে ময়লা ফেলা হচ্ছে। আগুন দিয়ে গাছ মেরে ফেলা হচ্ছে। অথচ কারও কোনো মাথাব্যথা নেই।

আগুনে পুড়ে যাওয়া গাছের গোড়া
আগুনে পুড়ে যাওয়া গাছের গোড়া

সড়কের ওপরে ময়লা ফেলায় যান চলাচলের পথ সংকুচিত হয়ে গেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ব্যস্ত এই মহাসড়কে যান চলাচলের পথ সংকুচিত হয়ে যাওয়ায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে। বাসচালক আবদুর রহমান বলেন, রাস্তার ওপর ময়লা ফেলায় গাড়ি চালাতে সমস্যা হয়। ময়লা ফেলা বন্ধ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
গত বছর ১৬টি ইউনিয়নকে সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত করা হয়। দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় আসে ডেমরার মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন। ডেমরার তিনজন জনপ্রতিনিধি প্রথম আলোকে বলেন, এক বছর হতে চলল, কিন্তু সিটি করপোরেশনের কোনো ধরনের সুযোগ তাঁরা পাননি। ডেমরায় ময়লা ফেলার কোনো জায়গা নেই। যে কারণে ডেমরার সব ময়লা-আবর্জনা ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা অংশে ফেলা হচ্ছে। এতে গাছ মরে যাচ্ছে। ময়লার গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। দিন দিন তা বেড়ে চলেছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মাদ বিলাল প্রথম আলোকে বলেন, ডেমরা সিটি করপোরেশনের আওতায় এলেও প্রশাসনিক কোনো কর্মকাণ্ড সেখানে শুরু হয়নি। তবে ডেমরায় সড়কের পাশে ময়লা ফেলে গাছ মেরে ফেলার বিষয়টি ভীষণ উদ্বেগজনক। কোনোভাবে সড়কের ওপর ময়লা ফেলা যাবে না। শিগগিরই তিনি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।